২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের অনুমোদনহীন অংশ আর নয়: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নগরীতে আর কোনো ভবন নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন সংস্থার নতুন চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

সোমবার সিডিএ সভা কক্ষে অনলাইনের মাধ্যমে নির্মাণ নকশা অনুমোদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

সিডিএ থেকে অনুমোদন নেওয়ার পর তা না মেনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে দোভাষ বলেন, “আগে যা হয়েছে, হয়েছে। এখন থেকে আর এসব হবে না।

“পাঁচতলার অনুমোদন নিয়ে আটতলা ভবন করা যাবে না। এটা তো ঝুঁকিও। সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ একটা ভবন নির্মাণ করে। সেখানে নিজে থাকে, পরিবারের সদস্যরা থাকে। ভাড়া দেয়া হয়। সবাই তো ঝুঁকিতে থাকে।”

তিনি বলেন, সিডিএ’র যেমন দায়িত্ব আছে তেমনি জনগণেরও দায়িত্ব আছে আইন মেনে চলা।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান অনলাইনের মাধ্যমে নির্মাণ নকশা অনুমোদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, এখন থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র এবং নকশা অনুমোদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

“এতে আবেদনকারীদের অনুমতি পেতে সময়, ব্যয় এবং বারবার সিডিএ তে আসা কমবে।”

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্যবস্থায় ভূমি ব্যবহারের ছাড়পত্র আগের ৪৫ দিনের পরিবর্তে ১৫ দিনে, নির্মাণ অনুমোদন ৪৫ দিনের পরিবর্তে ২০ দিনে এবং ভেরিফিকেশন তিন দিনে সম্পন্ন করা হবে। এতে মোট সময় লাগবে ৩৮ দিন, যা আগে লাগত ৯০ দিন।

এছাড়া বৃহদায়তন ও বিশেষ প্রকল্প অনুমোদনের সময়সীমাও আগের ৪৫ দিনের পরিবর্তে ১৫দিনে কমিয়ে আনা হয়েছে।

সিডিএ’র ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে আবেদনকারী একটি ট্র্যাকিং নম্বর পাবেন। সেই ট্র্যাকিং নম্বর ব্যবহার করে আবেদন জমা করতে পারবেন। আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে এসএমএসে।

শাহীনুল জানান, অনলাইনে ফরম পূরণের পর আবদেনটির রেফারেন্স, প্রয়োজনীয় দলিল ও নকশাসহ ভূমি ব্যবহার ছাড়পত্রের আবেদন প্রতি মাসে ১ ও ২ তারিখ এবং ১৬ ও ১৭ তারিখ সকাল ১০টা থেকে বেলা একটার মধ্যে পরিকল্পনা বিভাগে গ্রহণ করা হবে।

“আবেদনের সাথে দাখিল করা নকশাটি অবশ্যই সার্ভেয়ার বা সার্ভে প্রতিষ্ঠান দ্বারা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত হতে হবে।”

নতুন প্রক্রিয়ায় অনভ্যস্থতা ও সময় নির্ধারণে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু নতুন পদ্ধতি তাই সরাসরি অথরাইজেশন বিভাগে আবেদন জমা দেয়া যাবে। আমরা সবসময় আবেদনকারীদের তথ্যসহ সবরকম সহায়তা দেব।”

ডিজিটাল সার্ভে বাধ্যতামূলক করার বিষয়ে সিডিএ’র বোর্ড সদস্য আশিক ইমরান বলেন, এনালগ সার্ভের কারণে ভূমির ধরন একরকম দেখিয়ে নকশা অনুমোদন করা হয়। পরে যখন নকশা প্রণয়ন করতে যায় তখন দেখা যায় ভূমির আকৃতি বা ধরন ভিন্ন। তখন পুরো প্রক্রিয়া জটিলতায় পড়ে। তাই এটা করা হয়েছে।

অনলাইন সেবা চালু হওয়ায় জনগণ কম খরচে সেবা পাবে এবং দুর্নীতি হবে না বলে মন্তব্য করেন সিডিএ চেয়ারম্যান দোভাষ।