২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার একসঙ্গে অবরোধে চট্টগ্রামের সেই আওয়ামী লীগ ও বিএনপি নেতা

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ পুনঃস্থাপনে এলাকাবাসীকে নিয়ে এবার সড়ক অবরোধ করলেন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতা, যারা এর আগে উচ্ছেদ অভিযানে যাওয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিদ্যুতের ট্রান্সফরমার সরাতে বাধা দিয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 07:47 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

পুরনো খবর:

যেখানে মিললেন আ. লীগ-বিএনপির নেতা

রোববার দুপুরে নগরীর লালখান বাজার ইস্পাহানি মোড়ে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী ও সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি এবং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।

রাস্তায় অবস্থান করা এলাকাবাসীর পক্ষে ছাত্রলীগকর্মীরা সেখানে স্লোগান দিতে থাকেন পুনঃসংযোগের দাবিতে। সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিলও হয় সেখানে।

বেলা দেড়টা থেকে পৌনে ৪টা পর্যন্ত সড়কে অবস্থান করে সোমবার সকাল ১১টার মধ্যে সংযোগ স্থাপনের দাবি জানিয়ে তারা রাস্তা ছাড়ে।

চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভায় ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে সেখানকার বিদ্যুৎ, পানি ও গ্যাসের অবৈধ সংযোগ আগামী ১৫ মে’র মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা প্রশাসন।

শনিবার সকালে খুলশী থানার লালখান বাজার এলাকার মতিঝর্ণা বাটালি হিলে অভিযানে যান চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন পাঁচটি ভূমি সার্কেলের সহকারী কমিশনাররা। মতিঝর্ণা ও পোড়া কলোনি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমার জব্দ করতে চাইলে মাসুম ও মনির আপত্তিতে সেগুলো রেখে আসতে হয়েছিল।

এরপর রোববার বিচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে লালখান বাজার মোড়ে বন্দর নগরীর অন্যতম ব্যস্ত সড়ক সিডিএ এভিনিউতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় মাসুম-মনির নেতৃত্বে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ বসত ঘরের সংযোগের পাশাপাশি শনিবার সাধারণ ঘরের বৈধ অনেক সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

খাদিজা বেগম ও ফাতেমা বেগম নামে পোড়া কলোনির দুই বাসিন্দার অভিযোগ, আগের বছরগুলোতে বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হলেও এবছর পূর্ব ঘোষণা ছাড়া তাদের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাদের দুটি বাসাসহ মোট ৪০টি বাসা উচ্ছেদ করা হয়েছে।

নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা ও পোড়া কলোনি এলাকায় মূলত বসবাস করে নিম্ন আয়ের মানুষ।

অনেকের অভিযোগ, তাদের ঘরগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা না হলেও তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অবরোধ চলাকালে বেলা আড়াইটার দিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর), সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) ও খুলশী থানার ওসির সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম।

বৈঠক শেষে সোমবার ১১টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা সড়ক ছাড়লেও দাবি পূরণ না হলে ফের অবরোধের হুমকি দেন মাসুম।

তিনি বলেন, “সিটি মেয়রসহ বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের ঊর্ধ্বতনদের সাথে কথা হয়েছে। সোমবার সকাল ১১টার মধ্যে সংযোগ দেওয়া না হলে আবারও সড়ক অবরোধ করা হবে।”