২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূ খুনে ‘পূর্ব পরিচিত’ ব্যক্তি, ধারণা পুলিশের

চট্টগ্রামের কোরবানীগঞ্জে নিজ বাসায় গৃহবধূ রোকসানা বেগম তার পূর্ব পরিচিত কোনো ব্যক্তির হাতে খুন হয়েছেন বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 07:22 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

পুরনো খবর:

দিনেদুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ছেলে

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব পরিচিত ব্যক্তির হাতেই খুন হন এ গৃহবধূ। বাসার আলমারি ও বিভিন্ন জিনিসপত্র তছনছ হয়েছে। একজন ব্যক্তিই এ খুনে জড়িত।”

মঙ্গলবার নগরীর কোরবানীগঞ্জে পাঁচতলা ভবনের চারতলার একটি বাসায় ছুরি মেরে হত্যা করা হয় রোকসানা বেগমকে (৪২)। আর কুপিয়ে আহত করা হয় তার কলেজ পড়ুয়া ছেলে আব্দুল আজিজকে (২১)।

নিহত রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নোবেল।

মাকে খুন ও ছেলেকে আহত করে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি এক প্রতিবেশীকেও  ছুরি মারেন।

আহত আজিজ ও প্রতিবেশী আব্দুস সোবাহানকে (৬২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার‌।

আজিজের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

হত্যাকাণ্ডের পর বাসাটি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

নিহত রোকসানার বড় ছেলে মো. তারেক জানিয়েছেন, বাসায় দুই ভাই ও বাবা-মা থাকতেন।গৃহকর্তা আবুল কাশেমের গমের ব্যবসা।

তারেক বলেন, “সকাল ১১ টার দিকে আমি বাবার সাথে অফিসে চলে যাই। ছোট ভাই বাসার বাইরে এবং মা ওই সময় বাসায় একা ছিলেন।”

দুপুর দুইটার দিকে প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তিনি বাসায় আসেন বলে জানান।

রক্তমাখা ছুরি হাতে থাকা ‘খুনির’ সামনে পড়েছিলেন রোকসানাদের গৃহকর্মী ইয়াসমিন। তার ভাষ্য, দাড়িওয়ালা ওই ব্যক্তির পরনে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট। 

ইয়াসমিন বলেন, “সকাল সোয়া ১১টার দিকে আমি বাসায় আসি কাজ করতে। কাজ শেষে ওপরের তলার (পঞ্চম তলা) বাসায় যাওয়ার সময় খালাকে বেতনের কথা বলি। তিনি উপরের বাসার কাজ শেষ করে যাওয়ার সময় বেতন নিয়ে যেতে বলেছিলেন।

“ওপরের তলার বাসার কাজ শেষ করে এ বাসায় ঢুকতেই কালো গেঞ্জি ও প্যান্ট পড়া, দাড়িওয়ালা এক লোক রক্তমাখা ছুরি হাতে আমাকে ধরে ফেলে। আমি ভয়ে নিজেকে বাসার কাজের বুয়া পরিচয় দিয়ে তার পা ধরে ফেলি এবং দৌঁড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে সে আমাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি দিয়ে নিচে বসিয়ে রাখে।”

ওই ব্যক্তি বিছানায় আগুন লাগিয়ে দিয়েছিল জানিয়ে ইয়াসমিন বলেন, “পুরো ঘরে ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় ভাইয়া (আজিজ) বাসায় ঢোকার সাথে সাথে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে ওই লোক। ভাইয়াকে ও আমাকে টেনে বেডরুমে ঢুকিয়ে দিয়ে আঞ্চলিক ভাষায় তিনজনকে পুড়ে মরার কথা বলে এবং রান্নাঘরে গিয়ে কিছু কাপড় ও তুলায় আগুন লাগিয়ে দেয়।

“এসময় আজিজ পানি খাওয়ার কথা বলে দৌঁড়ে বাসা থেকে বের হয়ে গেলে ওই লোকও তার পেছনে দৌঁড়ে বের হয়ে যায় এবং আমিও বের হয়ে দ্বিতীয় তলায় বাড়িওয়ালার বাসায় খবর দিই।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনে মোট নয়টি বাসা। দ্বিতীয় ও তৃতীয় তলায় বাড়িওয়ালা থাকেন। চারতলায় রোকসানার প্রতিবেশী ভাড়াটিয়া আইনজীবী মোহাম্মদ হোসেন এমদাদ।  

এমদাদের স্ত্রী শাহনাজ হোসেনের কাছেই রোকসানাদের বাসার কোনটি জানতে চেয়েছিলেন ওই ব্যক্তি।

শাহনাজ বলেন, “মেয়েকে নিচে পাঠিয়ে আমি দরজায় দাঁড়ানো ছিলাম। এসময় উপরের তলা থেকে প্যান্ট ও কালো গেঞ্জি পড়া দাঁড়িওয়ালা লোকটি নেমে আমাকে জিজ্ঞাস করে ‘কাশেম ভাইর বাসা কোনটা?’

“আমি ইশারায় বাসাটি দেখিয়ে দিলে লোকটি দরজার কড়া নাড়ে। এসময় দরজা খুলে রোকসানাকে ‘ম অনে এতদিন পরে…’ বলতে শুনেছি। তখন আমি আমার বাসার দরজা বন্ধ করে দিই।”

বেশ কিছুক্ষণ পর ওই বাসায় ঢুকে ধোঁয়া আর রান্নাঘরে আগুন জ্বলতে দেখেছেন বলেও জানান তিনি। তাছাড়া গ্যাসের চুলার চাবিও খোলা ছিল।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেছেন, বাসাটিতে থেকে কিছু জিনিসপত্র খোয়া গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।