২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে ছিনতাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন চালন্দা গিরিপথে বেড়াতে গিয়ে ৫০ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 01:59 AM

Updated : 18 Aug 2022, 05:13 PM

শনিবার সকালে ৫০ জনের ওই দলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চালন্দা গিরিপথে গিয়ে ফিরে আসার সময় ছিনতাইয়ের শিকার হয় বলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০ জনের একটি দল বেড়ানোর উদ্দেশ্যে চালন্দা গিয়ে ফিরে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী নৃ-বিজ্ঞান বিভাগের সাজ্জাদ হোসেন শাকিল বলেন, “আমরা চালন্দা থেকে ফিরে আসার সময় পাহাড়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীর দল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

“তারপর রামদা দিয়ে আঘাত করে আমাদের মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা আনোয়ার হোসেনকে রামদা দিয়ে মাথায় আঘাত করে।”

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল জানান, দুপুরে আঘাতপ্রাপ্ত কিছু শিক্ষার্থী মেডিকেল সেন্টারে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, ছিনতাইয়ের বিষয়টি জানান পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।