২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তুলনায় চট্টগ্রামে সরকারি হাসপাতাল কম: নওফেল

রাজধানী ঢাকার তুলনায় বন্দরনগরী চট্টগ্রামে সরকারি হাসপাতাল কম থাকার কথা উল্লেখ করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের পক্ষে মত দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2019, 09:58 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

চট্টগ্রামের ছেলে নওফেল মনে করছেন, ওই হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা গেলে সেবার মান বাড়বে। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপরও চাপ করবে।  

শুক্রবার বিকালে নগরীর আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন ওই এলাকার সংসদ সদস্য নওফেল।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছি। এরপর তাদের সঙ্গে বসব। সমস্যাগুলো নিয়ে তালিকা করতে হবে। তালিকা করে  সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। এর ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।

“পরিদর্শনে মনে হয়েছে, এখানে সার্জিক্যাল ক্যাপাসিটি খুব কম। মেডিকেল কর্মকর্তার সংখ্যা প্রয়োজনের তুলনায় কম আছে। আর অবকাঠামোগত সংস্কারেরও দরকার।”

অপর এক প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “এটি নগরীর দ্বিতীয় সরকারি হাসপাতাল। রাজধানী ঢাকায় অনেক সরকারি হাসপাতাল আছে। সে হিসেবে বাণিজ্যিক রাজধানী হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে কম।

“জেনারেল হাসপাতালের পরিধি বাড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমবে। এখানে একটি মেডিকেল কলেজ গড়ে তোলার ক্ষেত্রে অনেকগুলো সংস্থা জড়িত থাকে। এটা হলে মানেও যেমন উন্নয়ন হবে, বাজেট বরাদ্দও বেশি পাওয়া যাবে, সেবাও অনেক উন্নত হয়।”

এই প্রস্তাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলোচনা করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল।

নওফেল পরিদর্শনের সময় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

অসীম কুমার নাথ উপমন্ত্রীর কাছে হাসপাতালের চিকিৎসক, যন্ত্রপাতির অপ্রতুলতা এবং অস্ত্রোপচার সেবার সংকটের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “১৫০ শয্যার জনবল দিয়ে এখনও হাসপাতালটি চলছে। সবচেয়ে বেশি সংকট মেডিকেল কর্মকর্তার। মাত্র পাঁচজন মেডিকেল কর্মকর্তা রয়েছেন এখানে। এজন্য রাতের বেলায় প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসক দেওয়া সম্ভব হয় না।”

হাসপাতালের পরিচালনা কমিটি প্রসঙ্গে উপমন্ত্রী বলেন, “পরিচালনা কমিটির নিয়মিত বৈঠক হওয়া দরকার। তাহলে সমস্যাগুলোর সমাধান সহজ হবে।”