বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ধর্মঘটের ডাক
কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চালককে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সংশ্লিষ্ট ১৯ রুট এবং চট্টগ্রাম-ঢাকা মহাসড়কসহ সংশ্লিষ্ট ৬৮টি রুটে এ ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।
মঙ্গলবার বিকালে ফেডারেশনের বৈঠক থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয় বলে জানিয়েছেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিবি পুলিশ পরিচয়ধারী হত্যাকারীদের চিহ্নিতকরণ এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছি।”
পরিবহন শ্রমিক নেতাদের দাবি, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে গাজীপুরমুখী শ্যামলী পরিবহন-এনআর এর একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকা অতিক্রম করার পর একটি পেট্রোল পাম্পের কাছে সাদা মাইক্রোবাসে সাদা পোশাকে থাকা একদল লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামায় এবং ইয়াবা আছে বলে অভিযোগ করে তল্লাশি চালায়।
শ্যামলী পরিবহনের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক বাবুল আহমেদ বাসটির সুপারভাইজারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেটসহ গাড়িতে ওঠা ডিবি পরিচয়ধারী লোকগুলো তল্লাশির এক পর্যায়ে গাড়ির চালক জামাল উদ্দিনকে (৪৩) বাস থেকে নামিয়ে অদূরে নিয়ে গিয়ে মারধর করে এবং ইয়াবা কোথায় আছে তা জানতে চায়।
“সে বাসে ইয়াবা নেই জানালে তাকে নানাভাবে নির্যাতন করা হয়। কয়েকদফা নির্যাতনের পর তাকে আধমরা করে বাসে তুলে দিয়ে সাদা মাইক্রোবাসটি চলে যায়। পরবর্তীতে শ্যামলীর চট্টগ্রাম কাউন্টার থেকে বিকল্প একজন চালক পাঠিয়ে বাসটি গুরুতর আহত চালককে নিয়ে চমেক হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত জালাল উদ্দিনের বাড়ি দিনাজপুরে এবং তার বাবার নাম আফজাল হোসেন।
এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত চালকের বাবা বাদী হয়ে মামলা করবেন বলে শ্যামলী পরিবহন- এনআর এর ব্যবস্থাপক বাবুল জানিয়েছেন।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বিষয়টি আমি কর্ণফুলী থানার ওসির কাছ থেকে জানতে পেরে বাসের সুপারভাইজারের সাথে কথা বলেছি।
“তিনি আমাকে জানিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তির হাটের অদূরে একটা ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। তার চিহ্নিত জায়গা অনুযায়ী সেটা সিএমপি’র সীমানার থেকে তিন কিলোমিটার দূরে জেলার মধ্যে পড়েছে”
গোয়েন্দা কর্মকর্তা মোস্তাইন বলেন, “সিএমপি’র ডিবি টিম সুর্নির্দিষ্ট অভিযোগ ও তথ্য ছাড়া কোনো অভিযানে যায়না। কাল আমাদের কাছে ওই ধরনের কোনো তথ্য ছিল না। আমি নিশ্চিত হয়েছি আমাদের কোনো টিম সেখানে অভিযানে যায়নি।”
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের কোনো দলও ওই এলাকায় অভিযানে যায়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি বলেন, “ডিবি পুলিশ পরিচয়ে কোন সন্ত্রাসী দল এটা করেছে নাকি অন্য কোন সংস্থার লোক করেছে সেটা আমরা তদন্ত করে দেখছি।”
