২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে চবি শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের স্টেশন রোডে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 09:56 PM

Updated : 10 Oct 2022, 09:04 PM

পুরনো খবর:

চলন্ত বাসে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, চালক আটক

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসেন মানববন্ধনে বলেন, “ওই দিন বাসে আমাদের শিক্ষার্থীকে যে ধরনের নিপীড়ন করা হয়েছে তা শুধুমাত্র নিন্দাযোগ্য নয়, সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ।

"সে যদি নিজেকে রক্ষা না করত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্রী লাঞ্ছিত না হয়।"

সহযোগী অধ্যাপক ঝুলন ধর বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে অপরাধীকে সনাক্ত করা জটিল কোনো বিষয় নয়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলার সর্বোচ্চ দণ্ড অপরাধীদের দিতে হবে।

"শুধু অপরাধীদের আটক করেই শেষ নয়, আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে।"

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আদনান আলীর সঞ্চালনায় এই মানববন্ধনে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার, অধ্যাপক ড. আবুল হোসাইন, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মইনুল ইসলাম, ইয়াং ইকনোমিস্ট সোসাইটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুম এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার বিকালে ৩ নম্বর রুটের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় থেকে শহরের বাসায় ফিরছিলেন অর্থনীতি বিভাগের ওই শিক্ষার্থী। চলন্ত বাসে আক্রান্ত হওয়ার বিবরণ তুলে ধরে সেদিন রাতে ফেইসবুকে একটি পোস্ট দেন তিনি।

ওই ছাত্রী লিখেছেন, তিনি বাস থামাতে বললে চালকের সহকারী এগিয়ে আসে এবং তার ওড়না টেনে গলায় পেঁচিয়ে ধরে। তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়।

“চিৎকার করার মত পরিস্থিতিও আমার ছিল না। ওই মুহূর্তে আমার কেমন লাগছিল, আমি তা বলে বোঝাতে পারব না।”

তিনি লিখেছেন, হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তিনি সজোরে আঘাত করলে তা চালকের সহকারীর চোখে লাগে। তাতে সে ওড়না ছেড়ে দেয়। জীবন বাঁচাতে তখন চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন তিনি।

বাস থেকে লাফিয়ে পড়তে দেখে এক রিকশাচালক ওই ছাত্রীকে তুলে নেন এবং পরে তার বাসায় পৌঁছে দেন।

ইংরেজিতে লেখা ওই পোস্টের শেষে ওই ছাত্রী বাংলায় লিখেছেন- “এই দেশে আর থাকব না ভাই।”

থানায় গিয়ে তিনি মামলা করার পর সেদিনই পুলিশ ওই বাসের চালককে আটক এবং বাসটি জব্দ করে।