চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিআরটিসির ১০টি বাস
চট্টগ্রামে শিক্ষার্থীদের চলাচলের জন্য ১০টি বিআরটিসির বাস বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ১০ দফা দাবির মধ্যে এটিও ছিল।
বাস বরাদ্দ সংক্রান্ত নির্দেশের চিঠি সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বাস সার্ভিস চালু করতে বলা হয়।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বিআরটিসির ১০টি বাস স্টুডেন্ট বাস সার্বিস চালুর জন্য প্রদানের নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত চিঠিটি আজ পেয়েছি। বাস আসলে সেগুলো কোন রুটে, কিভাবে চলবে, তা ঠিক করা হবে।”
এ বিষয়ে চট্টগ্রামে নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ।”
গত বছরের অগাস্টে চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন থেকে ১০ দফা দাবি দেয়া হয়।
এরপর চলতি বছর মার্চের তৃতীয় সপ্তাহে ঢাকায় আবারও আন্দোলনের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে দেখা করে তাদের আগের দাবিগুলো পূরণের তাগাদা দেন চট্টগ্রামে আন্দোলনের নেতারা।
এরপর এক মাস না পেরুতোই শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাস বরাদ্দের ঘোষণা এল।
