চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ
চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
রোবাবার ভোরে নগরীর কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জান জানান।
নিহত রঞ্জন বড়ুয়ার (৫০) বাড়ি রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী এলাকায়। তিনি কাজীর দেউড়ি এলকায় থাকতেন।
এ ঘটনায় রঞ্জনের ছেলে রবিন বড়ুয়া ওরফে খোকনকে (২৫) আটক করেছে পুলিশ।
পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বছর আগে রবিনের মা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কলহ লেগেই থাকতো। এছাড়া রঞ্জন মাদকাসক্ত ছিলেন।
“এ সব ঘটনার জেরে রাতে বাবা ও ছেলের মধ্য ঝগড়া বাধে। এক পর্যায়ে রবিনকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন রঞ্জন। এ সময় রবিন উত্তেজিত হয়ে তার বাবার গলায় নিচের বাম পাশে ছুরিকাঘাত করে। "
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, রবিনের ২০১০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পারিবারিক ঝামেলার কারণে পরীক্ষায় অংশ নেয়নি। পাঁচ/ছয় বছর আগে সে ইয়াবা আসক্ত হয়ে পড়ে।
