‘বিচারহীনতার সংস্কৃতির কারণেই নুসরাত হত্যাকাণ্ড’
দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটছে বলে চট্টগ্রামের দুই সমাবেশে বক্তারা দাবি করেছেন।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিকাল তিনটায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘চেরাগী আড্ডা’।
বিকালে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চট্টগ্রামের সর্বস্তরের প্রগতিশীল ছাত্র-যুব-নারী-শিক্ষক-সংস্কৃতি ও রাজনৈতিক সংগঠন।
“গত ৪৮ বছর যাবৎ ক্ষমতাসীনরা নারীর মর্যাদা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা নারী ধর্ষণ, হত্যার বিচার করতে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশু খুন, ধর্ষণের শিকার হচ্ছে।”
তিনি বলেন, কিন্তু এই নরপশুদের বিচার না হওয়ায় এই মহামারী যেন থামছে না।
সাবেক ছাত্রনেতা রবিউল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রামের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, ফজল আহমেদ, বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মহিন উদ্দিন, মহিলা পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক লতিফা কবির।
এর আগে চেরাগী আড্ডার আয়োজনে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির বলেন, “তনু হত্যার বিচার হয়নি। সাগর-রুনি হত্যার বিচার হয়নি। একারণে হত্যাকারীরা নুসরাতকে হত্যার সাহস পেয়েছে।
“আমরা সব হত্যার বিচার দেখতে চাই।”
গল্পকার ও সাংবাদিক আহমেদ মুনির বলেন, “কোনো বোনের, কোনো মায়ের সম্ভ্রম ও প্রাণ আর কেড়ে নিতে আমরা দেব না। নুসরাতের মত এমন মর্মান্তিক মৃত্যু আর চায়না বাংলাদেশ।
“দ্রুত বিচারের মাধ্যমে নুসরাত হত্যার বিচার করতে হবে, তবেই এদেশের মানুষ কিছুটা শোক কাটাতে পারবে।”
সমাবেশে বক্তব্য রাখেন প্রাবন্ধিক সুভাষ দে, শিল্পী আমিনুল ইসলাম নাসিম, নারীনেত্রী ইন্দ্রানী সোমা, সেলিম আক্তার পিয়াল, শ্যামল দাশগুপ্ত, সালমা জাহান মিলি, শাহরিয়ার পারভেজ, শৈবাল পারিয়াল, প্রীতম দাশ, রিপা মজুমদার প্রমুখ।
মানববন্ধন চলাকালে জিহান করিমের তত্ত্বাবধানে পারফর্ম আর্ট পরিবেশন করেন জুয়েল চাকমা। গণসংগীতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
