২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয় ঘণ্টা সম্প্রচারে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতিদিন নয় ঘণ্টা সম্প্রচার কার্যক্রম চালু করা হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 07:48 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম ছয় ঘণ্টা থেকে নয় ঘণ্টা করা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তা করতে পেরেছি।”

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের আউটলেট স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম কেন্দ্রকে জাতীয় টেলিভিশনে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়নের চাকা দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখন এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে।

“মেট্রো রেল, কর্ণফুলী টানেল, চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার, অর্থনৈতিক জোনসহ নানা ধরনের উন্নয়নে আমাদের দেশের মাথাপিছু আয় পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর কাছে ঈর্ষান্বিত।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়াও বেশি দূরে নয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ প্রমুখ।

মেয়র নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম কেন্দ্রের নয় ঘণ্টা সম্প্রচার চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল, আজ সে দাবি পূরণ হয়েছে। সময় বৃদ্ধি নয়, অনুষ্ঠানের মানও রক্ষা করতে হবে।

১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্রের এক ঘণ্টার সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে বিভিন্ন সময়ে চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার সময় বাড়ানো হয়। সর্বশেষ ২০১৬ সালে এই কেন্দ্র ছয় ঘণ্টা সম্প্রচার শুরু করে।