চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় নিজের ঘরে আগুন পুড়ে মারা গেছেন মানসিক প্রতিবন্ধী এক যুবক।
উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের বড়ুয়া পাড়ায় মঙ্গলবার মধ্য রাতে মাটির দোতলা ওই বাড়িতে আগুন লাগে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
“আগুনে চার মালিকের ঘর পুড়ে গেছে। নিজের অংশে হিনু বড়ুয়া একাই থাকতেন। তার মা নগরীতে মেয়ের সাথে থাকেন। আগুন নেভানোর পর তার লাশের সন্ধান পাই।”
আগুনে দোতলা মাটির বাড়িটি পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই বাড়িতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
