ইস্টডেল্টায় ইংরেজি বিভাগের কর্মশালা
ইংরেজি মাতৃভাষা না হওয়ায় এটা শেখার ওপর বিশেষ কৌশল অর্জনের উপর জোর দেওয়া হয়েছে চট্টগ্রামে এক কর্মশালা থেকে।
মঙ্গলবার চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ইংরেজি বিভাগের এক কর্মশালা থেকে এ অভিমত উঠে আসে।
‘হাউ টু ইম্প্রুভ ইওর রিডিং স্কিলস’ শিরোনামে হওয়া এ কর্মশালা পরিচালনা করেন এ কে এস খান সেন্টার ফর অ্যাক্সিলেন্স এর প্রফেশনাল ডেভলপমেন্ট পরিচালক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রাক্তন উপ-পরিচালক ড. মার্ক বার্থোলোমিউ।
তিনি বলেন, “ভাষার কাজ একে অপরের মধ্যে যোগাযোগ তৈরি করা। অপরের কথা বুঝতে পারা এবং নিজের কথা অপরকে ভালোভাবে বুঝাতে পারাটাই দক্ষতা। একটি ভাষায় দক্ষতা অর্জনে প্রথমেই পঠনের উপর জোর দিতে হয়, ইংরেজির ক্ষেত্রেও তাই। অর্থাৎ, পড়ার অভ্যাস বাড়াতে হবে আমাদের।”
কঠিন ও দুর্বোধ্য রচনা না পড়ে সহজ বিষয় পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যা আকর্ষণ করে তা পড়তে হবে। এতে পড়ার ও বোঝার আগ্রহ কমবে না, একইসাথে অভ্যাস গড়ে তোলাও সহজতর হবে।
ইংরেজি বিভাগের প্রভাষক মিথিলা শারমিনের সঞ্চালনায় ইডিইউ’র উপাচার্য মু. সিকান্দার খান, ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, একেএস খান সেন্টার ফর এক্সিলেন্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেরফেহনাজ খান উপস্থিত থেকে বক্তব্য দেন।
