২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের আশ্বাসে চবির অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপ সিএফসি ও বিজয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 10:28 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

সোমবার বিকালে উপাচার্য কার্যালয়ে আলোচনার পর এই ঘোষণা আসে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি মেনে নেওয়া হবে, উপাচার্যের এমন আশ্বাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।”

এই দুই পক্ষের মারামারির পর গ্রেপ্তার ছয় জনের মুক্তির দাবিতে রোববার সকালে অবরোধের ডাক দিয়েছিল ছাত্রলীগের দুই অংশ।  

তাদের আরও দাবি ছিল, ২০১৫ সাল হতে এ পর্যন্ত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের সব মামলা প্রত্যাহার, প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ এবং হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীরকে অপসারণ।

জাহাঙ্গীর বলেন, “উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন অচিরেই অস্ত্র মামলায় আটককৃতদের মুক্তির ব্যবস্থা করবেন। সেই সাথে বাকি দাবিগুলো মেনে নেবেন।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সিএফসির নেতা এনামুল হক আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার দফার সব দায়িত্ব উপাচার্য নিয়েছেন। তিনি অল্প সময়ের ভেতর সবগুলো দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আমরা আন্দোলন সাময়িক প্রত্যাহার করেছি।”

‘সময়ের মধ্যে দাবি পূরণ না হলে’ পুনরায় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “এখানে একটা ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তির ঘটনা ঘটেছে। দায়ের করা মামলাটি অস্ত্র মামলা নয়, এটি যে কোনো সময় জামিনযোগ্য একটি মামলা। পুলিশও আমাদের সকল প্রকার সহযোগিতা আশ্বাস প্রদান করেছেন। বিষয়টি সুরাহা করা হবে।”

ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরাও আমার কাছে ভুল স্বীকার করেছে। আগামীকাল যথারীতি ক্লাস-পরীক্ষা হবে।”

‘বান্ধবীর’ ফেইসবুকে হাসির ‘রিয়েক্ট’ করা নিয়ে গত ৩১ মার্চ সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই সংগঠন। এই সংঘর্ষে আহত হয়েছিল তিনজন।

সংঘর্ষের পরদিন বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

তারপর ২ এপ্রিল আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। তখন পুলিশ গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

ওই ছয়জনের মুক্তির দাবিতে বিজয় ও সিএফসি দুই পক্ষ এক হয়ে ক্যাম্পাসে অবরোধের ডাক দিয়েছিল।

পুরনো খবর:

মারামারির পর মিলেমিশে অবরোধের ডাক দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ