২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে পোস্টের কারণ দর্শাতে হচ্ছে চবি শিক্ষককে

ফেইসবুকে দেওয়া এক পোস্টের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 06:50 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

ওই পোস্টে করা মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে দাবি করে সোমবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ আলী আর রাজীকে এ নোর্টিস দেওয়া হয়।

গত ৪ এপ্রিল আর রাজী তার দুটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ‘গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ’ শীর্ষক একটি পোস্ট দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক কে এম নুর আহমদ স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিসে বলা হয়, এ পোস্টের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে।

Image
ফেইসবুকে যা লিখেছিলেন শিক্ষক আর রাজী

ফেইসবুকে যা লিখেছিলেন শিক্ষক আর রাজী

“ক্যাম্পাসে বিশৃঙ্খলা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থাকে ‘গুণ্ডামি’ অ্যাখায়িত করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুণ্ডামিতে লিপ্ত ছাত্রদের সহিংসতার পক্ষে উস্কানি দিয়েছেন, যা ‘চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।”

বিশ্ববিদ্যালয়ের সুনামহানি, শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত শিক্ষকদের সম্মানহানি এবং ছাত্রদের সংঘাতে উস্কানি দেওয়ায় কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে আর রাজীকে।

“গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ’- শীর্ষক ওই পোস্টে শিক্ষক আর রাজী লিখেছিলেন- “শিক্ষকতাকে যদি পেশা হিসেবে নিয়ে থাকেন তাহলে ছাত্রছাত্রীদের সাথে যুক্তি-তর্ক-বিচার-বিশ্লেষণ তথা শিক্ষিত জনের মতো জ্ঞানের ভাষায় সমস্যা সমাধানের চেষ্টা করেন। যদি তা না পারেন, যেটুকু পারেন সেটুকু দায়িত্ব রেখে বাকিটুকু ছেড়ে দেন। কথায় কথায় নিজের ছাত্রছাত্রীর বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেবেন, অস্ত্রমামলায় ফাঁসিয়ে দেবেন, ভয় দেখাবেন- এসব কোনো শিক্ষকের কাজ হতে পারে না। দোহাই আপনাদের, শিক্ষকের কলুষিত মর্যাদাকে আরও কালিমালিপ্ত কইরেন না।”

Image
যে নোটিস দেওয়া হল এই শিক্ষককে

যে নোটিস দেওয়া হল এই শিক্ষককে

বিশ্ববিদ্যালয়ে মারামারির পর গ্রেপ্তার কয়েক শিক্ষার্থীর মুক্তি দাবিতে ছাত্রলীগের দুটি অংশের আন্দোলনের মধ্যে শিক্ষক রাজীকে এই নোটিস দেওয়া হল।

তবে এই শিক্ষক বলছেন, তার ওই বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নয়।

আর রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ফেইসবুক পোস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোস্টটি কেন নিজেদের করে নিয়েছেন, সেটি আমার বোধগম্য নয়।

“দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সেসব আন্দোলনের জন্য আমি এ ফেইসবুক পোস্ট দিয়েছে।”

নিজের বিভাগের অফিসে রেজিস্ট্রার কার্যালয় থেকে কারণ দর্শানোর চিঠিটি পৌঁছেছে জানিয়ে এই শিক্ষক বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার জবাব দেবেন।