২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নি ঝুঁকিতে দুই মার্কেট, দুই ভবন

চট্টগ্রামের দুটি বহুতল ভবন ও দুটি বিপণী বিতানকে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

শনিবার বিকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল এসব ভবনে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে লাল সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

এগুলো হল- নগরীর আসকার দীঘির পাড়ের কর্ণফুলী টাওয়ার, লালদীঘির পাড়ের মহল মার্কেট ভবন, জহুর হকার্স মার্কেট ও মিউনিসিপ্যাল স্কুল ভবন মার্কেট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ভবন ও মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। একারণে অতীতে তাদের বার বার নোটিস ও পরামর্শ দেওয়া হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি।

“সতর্কবাণী দেওয়ার পরও তারা ব্যবস্থা না নেওয়ায় সর্বসাধারণের জ্ঞাতার্থে চারটি ভবন ও মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়।”

চট্টগ্রাম মহানগরীতে এ অভিযান চলবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।