২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী তীরে উচ্ছেদ বন্ধের দুই কারণ পেলেন মনজিল মোরসেদ

নতুন করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং রাজনৈতিক ছত্রছায়াকেই কর্ণফুলী তীরে উচ্ছেদ অভিযান বন্ধের কারণ হিসেবে চিহ্নিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 08:52 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

এই আইনজীবীর রিট আবেদনেই বন্দর নগরীর কর্ণফুলী নদীর তীর মুক্ত করতে হাই কোর্টের আদেশ হয়েছিল।

আদালতের নির্দেশনা অনুযায়ী গত ৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন নগরীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত কর্ণফুলি নদীর তীর থেকে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর কাজ বন্ধ হয়ে যায়।

কী কারণে উচ্ছেদ বন্ধ হয়ে গেল, তা সরেজমিনে দেখে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আসেন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’ এর সভাপতি মনজিল মোরসেদ।

তিনি বলেন, “যোগাযোগ করে বুঝতে পারলাম যে এখানে কিছু জটিলতা আছে। সেই কারণে উচ্ছেদ কার্যক্রমটা আবার হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমি নিজে এসেছি জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে।”

মনজিল মোরসেদ বলেন, “এখানে বড় ধরনের সমস্যাটা হচ্ছে, যখন এই সার্ভেটা হয় সেটা ২০১৫ সালে। তখন যে তালিকাটা দেওয়া হয়েছিল, এই তালিকার বাইরে এখন অনেক স্থাপনা আছে। যেটি কোনো তালিকার মধ্যে নেই। এখন একটি উচ্ছেদ করতে গেলে তো আরেকটিও উচ্ছেদ করতে হচ্ছে, সেটা করা যাচ্ছে না যেহেতু সেটি তো তালিকায় নেই।”

পরে গড়ে ওঠা ভবনগুলো উচ্ছেদের তালিকায় আনতে হাই কোর্টের নির্দেশনা চাইবেন বলে জানান তিনি।

মনজিল মোরসেদ বলেন, “আরেকটি বিষয়ে জটিলতা আছে, এর আগে যেগুলো উচ্ছেদ করা হয়েছিল, সেগুলো ছিল জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত। কিন্তু এর মধ্যে বড় একটা জায়গা আছে, যেটা মূলত বন্দরের। সেখানে কয়েক হাজার লোক আছে। তাদের পেছনে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়া আছে। সে কারণে প্রশাসন ভয় পাচ্ছে।

“যারা উচ্ছেদ করতে গিয়েছেন তাদের হুমকি দিয়েছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে এটা হতে পারে না।”

বন্দরের এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে তাদের উপর হাই কোর্টের নির্দেশনা চেয়েও আগামী সপ্তাহে আদালতে আবেদন নিয়ে যাবেন বলে জানান তিনি।

বন্দরের জমিতে মাছ বাজারসহ অবৈধ স্থাপনা গড়ে ওঠার বিষয়ে মনজিল মোরসেদ বলেন, “নদীর জমি জনস্বার্থে ব্যবহার করা যাবে, বাণিজ্যিক কাজে নয়। বন্দরের লোডিং-আনলোডিং এর কাজ হলে কোনো কথা নেই। কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করা, সেটা বন্দর হোক বা ব্যক্তি তা আইনসম্মত নয়। নদীর জায়গা দখল করে স্থাপনা তৈরির মাধ্যমে মাছের বাজার বা অন্য কোন বাজার বসানোর কোনো সুযোগ নেই।”

কর্ণফুলী নদীতে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পরিবেশ অধিদপ্তরকেও দায়ী করেন মনজিল মোরসেদ।

“দায়িত্বটা ছিল পরিবেশ অধিদপ্তরের। তাদের নদী-পাহাড় মনিটরিং করা দরকার ছিল। কিন্তু তারা তাদের কাজ না করায় আমাদের আদালতে যেতে হয়।”

পুরনো খবর:

কর্ণফুলি তীরে উচ্ছেদে বিরতি কৌশলগত: মন্ত্রী তাজুল