২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপূর্তের দরপত্র নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রামে গণপূর্ত অধিদপ্তরের দরপত্র নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের মারামারির পর ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 07:46 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

তারা হলেন- মো. ইলয়াছ (২৮), রাতুল হাসান রানা (২৪), সজীব খন্দকার (২৩), হাসান মুরাদ (৩২), আবুল মনছুর (২৯), শাহ মোহাম্মদ (৩২), সামশুদ্দিন (৩৯), ফাইজুল ইসলাম (২২), মো. জামশেদ (২৫), মো. জালাল (৩৫), ফয়সাল খান (২০), মো. ইউসুফ ((১৮), মো. রাকিব (১৯), জসীম উদ্দিন (৩৮) ও মো. নুরুন্নবী (২৯)।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালদিঘীর পাড়ে সিএমপি ভবন নির্মাণের একাংশের কাজের টেন্ডার নিয়ে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখান থেকে ১৫জনকে আটক করা হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালদিঘী এলাকায় চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তরে বহুতল ভবন নির্মাণের একাংশের দরপত্র নিয়ে এই মারামারির ঘটনা ঘটে। দরপত্র পেতে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার চেষ্টা ছিল।

এর মধ্যে দরপত্রটি পান পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপু। দুপুরে টিপু তার অনুসারীদের নিয়ে সিজিএস বিল্ডিং-১ এ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে যান। খবর পেয়ে তার বিরোধী পক্ষের লোকও জড়ো হয়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির সময় কার্যালয়ের বাইরেও ভাংচুর করা হয়।  

ওসি সদীপ দাশ বলেন, “পুলিশ ঘটনা শুনে সেখান থেকে উভয় পক্ষের ১৫জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদলাতে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তার ১৫ জনের মধ্যে জামশেদের বিরুদ্ধে আগের চারটি, হাসান মুরাদ, মনছুর, জালাল ও জসিমের বিরুদ্ধে একটি করে মামলা ছিল।