এইচএসসি: দ্বিতীয় দিনে চট্টগ্রামে বহিষ্কৃত ১
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে চট্টগ্রামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম কলেজের এক পরীক্ষার্থী পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে হলে প্রবেশ করে এবং অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিল। তার কাছ থেকে কাগজপত্রগুলো জব্দ করে বহিষ্কার করা হয়েছে।”
দেশের আটটি সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সোমবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে ৭৭০, কক্সবাজারে ৮৯, রাঙামাটিতে ৫০, খাগড়াছড়িতে ৯৭ ও বান্দরবানে ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
চট্টগ্রাম বোর্ডের অধীনে কোথাও কোন ধরনের প্রশ্ন ফাঁস ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত পরীক্ষার্থীর সংথ্যা ৯৯ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবছর অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্র আর ৫০ হাজার ২৮৬ জন ছাত্রী।
