২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নিয়ন্ত্রিত শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 07:21 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

মঙ্গলবার বিকালে সংঘর্ষের পর ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে জানান, এক শিক্ষার্থীকে মারধর করার কারণে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

প্রতাক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের মাঠে দর্শন বিভাগের শিক্ষার্থীদের ক্রিকেট খেলার সময় পূর্ব বিরোধের জেরে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্করকে মারধর করে অন্যকিছু শিক্ষার্থী।  

বক্কর শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রপ ‘বিজয়’ এর সমর্থক আর হামলাকারীরা ‘সিএফসি’ গ্রুপের অনুসারী।

বিষয়টি জানাজানি হওয়ার পর বিকালে বিজয় গ্রুপের সমর্থকরা সোহরাওয়ার্দী হল ও সিএফসির সমর্থকরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় দুইপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আতাউর গণি পারভেজ বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে জানান, আঘাতপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর অধিকাংশেরই মাথা ফাটা ছিল।

এদিকে মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে বলে জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আখতারুজ্জামান।।

আটকরা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইয়াসিন আরাফাত, ইংরেজি বিভাগের ২০১৬-১৭ বেলাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অমিত রায়, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মাসুদ ও সাকিব হাসান, সমাজতত্ত্ব বিভাগের সিফাতুল্লাহ সরকার।

গত রোববার ফেইসবুকে ‘হাসির রিয়েক্ট’ দেওয়া নিয়ে এই দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়। এর পর সোমবার রাতে আলাওল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, আব্দুর রব, এফ রহমান হলে তল্লাশি চলায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি।

তল্লাশিতে ‘বিজয়’ সমর্থকদের নিয়ন্ত্রণাধীন আলাওল হলের ক্যান্টিনের পেছনের খালি জায়গা থেকে দুটি একনলা বন্দুক ও ১২৬টি গুলি এবং অন্য হলগুলো থেকে লাঠিসোটা উদ্ধার করা হয়।