২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষা নিশ্চিত করতে হবে: শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 04:50 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

রোববার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে তিনি বলেন, “জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার যুগোপযোগী মানসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্বরোপ করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীলতার সাথে সুশিক্ষা নিশ্চিত করতে হবে।

শিক্ষার মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ক্যাম্পাসে গঠনমূলক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুযোগ্য নাগরিক ও আলোকিত মানুষ গড়ে তোলা হোক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্রত। এক্ষেত্রে সরকার সবধরনের সহযোগিতা করবে।”

এসময় তিনি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০’ এর মেনে চলার কথা বলেন।

দীপু মনি আরও বলেন, “আমাদের যুবসমাজ কখনো স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপশক্তির কাছে মাথা নত করেনি বরং জাতির প্রতিটি সংকট মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

২০১৩ সালে যাত্রা শুরু করা চট্টগ্রামের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগ থেকে পাস করা দুই হাজার ৮৮ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

এছাড়া সাতজনকে চ্যান্সেলর স্বর্নপদক ও ১২ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্নপদক দেওয়া হয়।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “সারা বিশ্বে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে সেটা গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি।

“একসময় বাংলাদেশের ইমেজ সংকট ছিল। দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে দেখা হত। ক্ষুদ্র দেশে ১৬ কোটি মানুষকে যিনি পরিচালিত করছেন তার দিকে সারা বিশ্ব তাকিয়ে। আমি আশা করছি তার নেতৃত্ব থেকে তোমরা শিখবে, জানবে।”

সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপাচার্য নূরুল আনোয়ার।

সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক একে আজাদ।