চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-সন্তানের মৃত্যু, স্ত্রী আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন এক ব্যক্তি ও তার শিশুকন্যা; দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।
পাজেরো জিপটি লামার উপজেলা চেয়ারম্যানের বলে পুলিশ জানিয়েছে।
রোববার সকাল দশটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকার সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনায় অটো চালকও আহত হয়েছেন।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া কোদালা এলাকার আবদুল আজিজ (৫০) ও তার তিন বছর বয়সী মেয়ে আফিসা।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসলে আবদুল আজিজ মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসার মৃত্যু হয়।
আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোচালক কাঞ্চন দাশকে চিকিৎসাধীন আছেন।
