২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতিতে আওয়ামী সমর্থকদের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের সবগুলোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের হলুদ প্যানেলের প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 12:30 AM

Updated : 18 Aug 2022, 05:03 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম এ গফুর নির্বাচনের ফল ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের অধ্যাপক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।

এবারের নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত শিক্ষকদের সংগঠন 'সাদা দল' অংশ নেয়নি।

তবে গতবছর এই দল থেকে বেরিয়ে আলাদা প্যানেলে নির্বাচন করা বিএনপি সমর্থক শিক্ষকদের একাংশের সংগঠন 'বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ ব্যানারে প্যানেল দিয়েছিল।

আওয়ামী লীগ ও বাম সমর্থকদের হলুদ প্যানেলের ব্যানার ছিল ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ’।

সভাপতি পদে বিজয়ী হলুদ দলের প্রার্থী আইন বিভাগের অধ্যাপক মো জাকির হোসেন পেয়েছেন ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফোরামের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী পান ১৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফোরামের ড. মোহাম্মাদ মোশারফ হোসেন পান ১২৯ ভোট।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ড. সহিদ উল্লাহ লিপন, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক পদে ড. মোহাম্মদ সাইদুল ইসলাস (সোহেল)।

সদস্যপদে বিজয়ীরা হলেন ড. রনজিত কুমার চৌধুরী, ড. মোহাম্মদ আবুল হোসাইন, বকুল চন্দ্র চাকমা, ড. ইকবাল হোসেন, সুলতানা সুকন্যা বাশার ও মাজহারুল ইসলাম।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে প্রার্থী ছিলেন মোট ২৪ জন। এদের মধ্যে দুইজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এবার ভোটার ছিল ৮৭৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন মোট ৬২৯ জন।