দিয়াজ হত্যামামলার এক আসামি রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যামামলার আসামি সংগঠনটিরই নেতা মো. আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে পেয়েছে সিআইডি।
বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।”
গত ২০ মার্চ নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরমান (২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ও দিয়াজ হত্যা মামলার আসামি আলমগীর টিপুর ছোট ভাই। একই কমিটির সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি।
এদিকে আরমানকে আদালতে নেওয়া হলে তার মুক্তির দাবিতে মিছিল করে টিপুর অনুসারী চবি ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তাকে কারাগারে নেওয়ার পথে ভূমি রেজিস্ট্রেশন কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে তারা।
২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকও ছিলেন।
দিয়াজের পরিবার ও তার অনুসারী ছাত্রলীগের কর্মীরা শুরু থেকেই ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে আসছিল।
লাশ উদ্ধারের তিন দিন পর ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের দেওয়া প্রথম ময়না তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়। তার ভিত্তিতে হাটহাজারী থানায় একটি অপমৃত্যু মামলাও করে পুলিশ।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ২৪ নভেম্বর দিয়াজের মা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন।
তাতে বিশ্ববিদ্যালয়ে সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আসামি করা হয়।
দিয়াজের মায়ের আপত্তিতে আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলে। দ্বিতীয় দফা ময়নাতদন্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। ২০১৭ সালের ৩০ জুলাই দেওয়া প্রতিবেদনে চিকিৎসকরা দিয়াজের শরীরে হত্যার আলামত পাওয়ার কথা জানান।
নিহত দিয়াজ ও এই মামলার আসামিরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী।
এই মামলায় সহকারী প্রক্টর আনোয়ার হোসেনও গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
