২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাটল ট্রেনে হিযবুত তাহরীরের পোস্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2019, 01:03 AM

Updated : 18 Aug 2022, 05:01 PM

শুক্রবার ট্রেনের বিভিন্ন বগির ভেতরে-বাইরে সাঁটানো এসব পোস্টারে নিউ জিল্যান্ডে মসজিদে হামলার ঘটনা নিয়েও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে নিষিদ্ধ এই সংগঠনটির কোনো কার্যক্রম নেই। সংগঠনটির সদস্য বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।”

তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার লাগাল- এই প্রশ্নে তিনি বলেন, “শাটল ট্রেন রেলওয়ের সম্পত্তি। এর রক্ষণাবেক্ষণ দ্বায়িত্ব রেলওয়ের। তারাই এ বিষয়ে বলতে পারবে।”

অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, “শাটল ট্রেন রাতে রেলওয়ে নিরাপত্তার বাহিনীর সদস্যদের পাহারায় থাকেন। আমরাও চেষ্টা করি বিষয়গুলো দেখতে। কিন্তু লোকবল কম থাকায় তা সম্ভব হয় না। রেওলয়ে নিরাপত্তা দপ্তর যদি আমাদের সাথে সহযোগিতা করে তাহলে হয়ত এমন ঘটনা আর ঘটবে না।”

বাংলাদেশে হিযবুত তাহরীরের কর্মকাণ্ড শুরু হয় ২০০০ সালের কিছু পরে। ২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে।

তবে নিষিদ্ধ হওয়ার নয় মাসের মাথায় ২০১০ সালের ১৬ অগাস্ট সংগঠনটি তাদের ‘খসড়া সংবিধান’ প্রকাশ করে, যেখানে ‘ইসলামী খিলাফতভিত্তিক’ রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা বলা হয়।

নিষিদ্ধ অবস্থায় থেকেও সংগঠনটি প্রায়ই গোপনে পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিলি করে যাচ্ছে। গতবছর এপ্রিলেও তারা গণমিলিছিলের ডাক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার লাগিয়েছিল।