নিরাপদ সড়ক নিয়ে ডিসির সঙ্গে বৈঠকে চট্টগ্রামের শিক্ষার্থীরা
ঢাকায় বিক্ষোভের মথ্যে নিরাপদ সড়কের দাবিতে ১০ দফা দাবির অগ্রগতি নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই, চট্টগ্রাম’।
বুধবার দুপুরের ওই সভায় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন দফার অগ্রগতি বিষয়ে জানান এবং বাকি দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দেন।
গত বছর ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সারাদেশের মতো চট্টগ্রামেও সড়কে নেমে টানা বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। তখন তারা ১০ দফা দাবি তুলে ধরেছিল।
মঙ্গলবার ঢাকায় বাসের চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর পর ফের রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। বুধবার ঢাকার সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলার মধ্যে চট্টগ্রামে বৈঠকটি হল।
নিরাপদ সড়ক চাই, চট্টগ্রামের সমন্বয়ক মিনহাজ চৌধুরী রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অগাস্টে নিরাপদ সড়কের দাবিতে আমরা ১০ দফা দাবি দিয়েছিলাম। এর মধ্যে কিছু পূরণ হয়েছে।
“নিয়মিত বিরতিতে আমরা প্রশাসনের সাথে দেখা করে এসব বিষয়ে আলোচনা করেছি। ঢাকায় এখন আন্দোলন চলছে। এই প্রেক্ষিতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনায় গিয়েছি।”
মিনহাজ জানান, বন্দর নগরীর বটতলী রেলস্টেশন এলাকা এবং নাসিরাবাদ মহিলা কলেজ সংলগ্ন সড়কে এক মাসের মধ্যে ফুটব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
“বহদ্দারহাট ও জিইসি মোড়ে দুটি ফুটওভার ব্রিজের কাজ আগেই শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব সড়কে দিকচিহ্ন (সাইন) স্থাপনের কাজও শুরু হবে।”
গত বছরের অগাস্টে চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন থেকে দেয়া দাবিগুলোর মধ্যে ছিল- জেব্রা ক্রসিং, নিয়মিত ট্রাফিক সপ্তাহ পালন, চারটি ফুটওভার ব্রিজ নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ, সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাস বরাদ্দ, যানবাহনের লাইসেন্স তদারকি, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু।
মিনহাজ বলেন, “আমাদের আন্দোলনের পর জেব্রা ক্রসিং করা হয়েছে। নিয়মিত ট্রাফিক সপ্তাহ পালন করা হয়। চারটি ফুটওভার ব্রিজের মধ্যে দুটির কাজ চলছে। যাত্রী ছাউনি নির্মাণ কাজ চলমান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে বেশিরভাগ স্থানে।”
বুধবারের সভায় সরকারি বিদ্যালয়গুলোর জন্য বাস বরাদ্দের বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক।
সভায় শিক্ষার্থী মো. সাইদুর রহমান পায়েল হত্যার ঘটনায় জড়িত হানিফ পরিবহনের বাসটির নিবন্ধন বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।
সভায় চট্টগ্রামের মুসলিম হাইস্কুল, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম কলেজ, এমইএস কলেজ ও বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
