মানুষের কাজ কল্যাণমুখী না হলে জগৎ হবে অর্থহীন: অনুপম সেন
সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষের মনোজগতের পরিবর্তনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে উদীচী শিল্পী গোষ্ঠীর দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুপম সেন বলেন, “মানুষের কাজ, জাগতিক সকল কর্মকাণ্ড যদি মানবকল্যাণমুখী না হয়, আমরা যদি আদর্শচ্যুত হই, তাহলে পার্থিব জগৎ অর্থহীন হয়ে যাবে। এজন্য সুষ্ঠু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এ ধারা অব্যাহত রাখতে হবে।”
‘সাহসের সাথে চলো সামনের যুদ্ধে, ঐক্যটা হোক আরও মজবুত’ এই স্লোগান নিয়ে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার।
আলোচনার আগে উদীচীর কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক গীতি আলেখ্য ‘ইতিহাসের কথা কও’ মঞ্চস্থ করেন উদীচীর শিল্পীরা।
শুক্রবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনে হবে সাংগঠনিক অধিবেশন। এতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
