২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্নমতের সমন্বয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে নাছিরের গুরুত্ব

ভিন্নমতের সমন্বয়ের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:33 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

মঙ্গলবার নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নাছির বলেন, “দলের মধ্যে কোনো বিভাজন, বিদ্বেষ, বিরোধ নেই। তবে মত ভিন্নতা থাকতে পারে। ভিন্ন মতের সমন্বয়ের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে হবে।

“কোনো ক্ষেত্রেই বিতর্কিত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদবাজদের দলে স্থান দেওয়া যাবে না। এলাকায় যারা পরিচিত এবং গ্রহণযোগ্য সকল শ্রেণি পেশার মানুষকে এ সদস্য নবায়ন ও সংগ্রহ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে।”

সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম এ মাসের মধ্যেই সম্পন্ন করে ওয়ার্ডের নতুন সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন নগর কমিটির সাধারণ সম্পাদক নাছির।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুসৃত মিশন-ভিশন বাস্তবায়নে পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দিচ্ছেন। তাই সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কোনো আনুষ্ঠানিকতা নয়।

“এটা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যাচাই-বাছাইয়ের মিলন সন্ধিক্ষণ। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে এ যাচাই-বাছাই প্রক্রিয়ায় কঠিন দায়িত্ব পালন করতে হবে।”

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের সদস্য সচিব নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, ওয়ার্ড কাউন্সিলর সাঈদ গোলাম হায়দার মিন্টু প্রমুখ।