২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ ফাইভ মানেই ভালো ছাত্র নয়: জব্বার

‘জিপিএ ফাইভ পেলেই ভালো ছাত্র’ এমন ধারণায় বিশ্বাসী নন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 09:46 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

সোমবার চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন,  “আমাদের দেশে কী কারণে লোকজনের মাথার মধ্যে ঢুকেছে, জিপিএ ফাইভ পাইলেই ভালো ছাত্র। আমি এটা বিশ্বাস করি না।

“জিপিএ ফাইভ একটা প্যারামিটার মাত্র। এর অর্থ পাঠ্যবই থেকে কতটুকু অধ্যয়ন করেছি।”

তবে আজকের পৃথিবী পাঠ্যবই নির্ভর নয় বলে মনে করেন মন্ত্রী।

“আমি যদি পাঠ্যপুস্তকের বাইরে লেখাপড়া না করি তাহলে আজকের দিনে চলবে না।”

শিক্ষার্থীদের হাতে জ্ঞানের উৎস তুলে দিতে চান জানিয়ে জব্বার বলেন, “সব থেকে বড় জ্ঞানের উৎস ইন্টারনেট। ইন্টারনেটে খারাপ জিনিস আছে। এই খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে।”

তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেটে বিচরণ নিরাপদ করার লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ থেকে ২০ হাজার  ‘খারাপ সাইট’ দেখা বন্ধ করে দিয়েছেন তিনি।

‘ইন্টারনেটে ঢুকলেই সন্তান নষ্ট হয়ে যাবে’ বলে অভিভাবকরা চিন্তিত উল্লেখ করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন,  “ছয় মাসের ভেতরে এমন একটি ব্যবস্থায় যাব ছেলেমেয়েরা ইচ্ছা করলেও খারাপ জিনিসে ঢুকতে পারবে না।” 

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “চারপাশে যা আছে সবই ভালো না। খারাপও আছে। ইন্টারনেট হলো সব থেকে বড় লাইব্রেরি।

“সেইটুকু নেব যেটুকু আমার জন্য ভালো। সঠিকভাবে যদি চলো তাহলে সমস্যা থাকার কথা না।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কাছে মন্ত্রী প্রশ্ন করেন, ই-লানিং মানে কী?

তারাও তাৎক্ষনিক উত্তর দেয়, ই মানে ইলেকট্রনিক।

এ সময় মন্ত্রী তাদের ‘স্মার্ট’ বলে প্রশংসা করেন।

তবে একে ‘ডিজিটাল লার্নিং’ বলতে ইচ্ছুক জব্বার বলেন, “আমি ই-লার্নিং বলি না। আমি বলি ডিজিটাল লার্নিং। ইলেকট্রনিক যুগের শুরু ১৮৭০ সালে। এখন আমাদের আশেপাশে যা আছে সব ডিজিটাল।”

লেখাপড়াও এখন ডিজিটাল বলে মন্তব্য করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

 তিনি বলেন, “লেখাপড়াও ডিজিটাল। কোথায় বসে লেখাপড়া করছো সেটা বড় বিষয় না। কী বিষয়ে লেখাপড়া করছো সেটাই মুখ্য। বইতে যে লেখাপড়া সেটি কেবলমাত্র পরীক্ষায় কাজে লাগে।”

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ)যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো. আবু ছাইদ শেখ, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান, সেসিপের পরামর্শক একেএম শামসুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজ উদ্দিন এবং নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইনী।