নারীর সাফল্যে এগিয়ে যাচ্ছে দেশ: নাছির
সমাজ, রাজনীতি ও পেশাজীবনের সর্বক্ষেত্রে নারীর সাফল্যে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সিটি করপোরেশন আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনে তিনি একথা বলেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “সামাজিক কর্মকাণ্ডে, রাজনীতিতে, বিচার বিভাগে, প্রশাসনে, আর্থিক খাতে, শিক্ষায়, চিকিৎসায়, সশস্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীসহ সব ক্ষেত্রে নারীর সফল পদচারণায় এগিয়ে যাচ্ছে দেশ।
“দেশের সকল উন্নয়ন ও অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও অবদান উল্লেখযোগ্য। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারী জাগরণে তিনি বিশেষ ভূমিকা পালন করছেন।”
আওয়ামী লীগের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাছির বলেন, “নারীর ক্ষমতায়ন, সমতা ও উন্নয়নের মূল স্রোতধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উন্নয়নের সর্বস্তরে নারী-পুরুষের সম-মযার্দায় ও সম্মিলিত প্রয়াসে রূপকল্প ২০৪১ এর পূর্বে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং সমৃদ্ধশালী ও শান্তিময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।”
‘উন্নয়নের মূল কথা, নারী-পুরুষের সমতা’ স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা নারী দিবসের শোভাযাত্রায় যোগ দেন।
নগর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আলম, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, নিলু নাগ, সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ৃয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা।
