২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে মাসব্যপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 09:08 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

বুধবার বিকালে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীকে পেয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা তাদের নানা দাবি-দাওয়া তুলে ধরেন। কৃষিপণ্যের আমদানির অনুমতি নিতে ঢাকায় যাওয়া, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ওজন নিয়ে সমস্যা, চট্টগ্রাম বন্দর বোর্ডে ব্যবসায়ী প্রতিনিধি না থাকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।  

এর জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “ব্যবসায়ীদের সমস্যা আমি ভালো বুঝি। ব্যবসায়ীদের বাধা কোথায় তাও জানি।

তিনি বলেন, “কৃষিপণ্যের আমদানির অনুমতি ঢাকা থেকে নেওয়ার যুক্তি নেই। বন্দর বোর্ডে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে। পণ্য পরিবহনে সারা দেশে ২০ টন হলে চট্টগ্রামে কেন ১৩ টন হবে?”

চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ হিসেবে বর্ণনা করেন বাণিজ্যমন্ত্রী।

সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন জানিয়ে সেই প্রচেষ্টায় বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে বিভাগীয় শহরগুলো নিজ নিজ মহিমায় গড়ে উঠতে পারে।”

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামে কমপক্ষে পাঁচটি ব্যাংকের সদরদপ্তর হওয়া উচিত।”

চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়ন ও বন্দরে স্ক্যানার সংকট দূর করা আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেলা কমিটির চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম বক্তব্য রাখেন।

মাসব্যাপী এই মেলায় সাড়ে চারশ দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১২ টাকা প্রবেশ মূল্য দিয়ে মেলা ঘুরে দেখা যাবে।

প্রতিদিন সকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে বলে আয়োজকরা জানান।