আলোকিত করবে বই: আবদুল্লাহ আবু সায়ীদ
আলোকিত হতে হলে বই পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) এক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “আলোর উৎস হলো আগুন। তাই ভেতরের আগুন না জ্বালালে আলোকিত হওয়া যায় না। সৃষ্টির অদম্য তাড়না ও উৎসাহ হলো এই আগুন।
“একে জাগিয়ে তুলতে হবে। আলোকিত মানুষদের সম্পর্কে আমরা জানতে পারি বই থেকে। তাই আলোকিত হতে হলে বই পড়তে হয়।”
জীবনকে ‘ব্যবহার’ করার মধ্য দিয়ে তা অর্থবহ হয়ে ওঠে বলে মনে করেন ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানের বাহক এই শিক্ষক।
তিনি বলেন, “ভিক্ষুকের লক্ষ্মী তার পায়ে। অর্থাৎ সে যত বেশি হাঁটবে তার আয় তত বেশি আয় হবে। রবি ঠাকুরের গানে আছে- আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। অর্থাৎ ধূপের গন্ধের জন্য ধূপে আগুন জ্বালাতে হয়।
“তেমনই আমরা আমাদের জীবনকে যতো ব্যবহার করবো, যতো আগুন জ্বালিয়ে দিবো, ততোই তা অর্থবহ হয়ে উঠবে।”
ইডিইউর এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “মানুষ স্বপ্ন দেখবে, উচ্চাকাঙ্ক্ষা নয়। কেননা উচ্চাকাঙ্ক্ষার উপাদান হলো লোভ, প্রতিযোগিতা।”
সমাবেশে সভাপতির বক্তব্যে ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, “অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ জানেন, বোঝেন এবং চিহ্নিত করতে পেরেছেন সমাজের প্রকৃত অভাব ও অসঙ্গতিকে।
“আর সেই অভাবকে দূর করতে দীর্ঘদিন ধরে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। এখানেই তিনি অন্যদের চেয়ে আলাদা ও ব্যতিক্রম।”
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, “জ্ঞানের বিস্তার ও আলোকিত মানুষ গড়তেই সারাজীবন কাটিয়ে দিয়েছেন অধ্যাপক সায়ীদ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির যাত্রাও একই পথে।”
ইডিইউর রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সামস-উদ-দোহা, মহাপরিচালক সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, স্কুল অব লিবারেল আর্টসের ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবিরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
