পাইলটসহ অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে: আইজিপি
উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় পাইলট, কেবিন ক্রু ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী জানিয়েছেন।
বৃহস্পতিবার বন্দরনগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও পুলিশ সমাবেশে একথা বলেন তিনি।
পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মামলাটির তদন্ত শুরু করেছে। তারা আলামতও সংগ্রহ করেছে।
“আদালতের আদেশ নিয়ে আলমতগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। অন্যান্য বিষয়গুলো এখনও শুরু করতে পারেনি তদন্ত কর্মকর্তা।”
তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অন্যান্য বিষয়গুলোও পর্যায়ক্রমে হবে জানিয়ে তিনি বলেন, “পাইলট, ক্রু, যাত্রী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
মামলার অগ্রগতি নিয়ে সিএমপি কমিশনার নিয়মিত সাংবাদিকদের অবহিত করবেন বলে জানান মহাপরিদর্শক জাবেদ।
গত রোববার ঢাকা থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন একজন যাত্রী। পরে কমান্ডো অভিযানে নিহত হন তিনি। নিহত যুবকের হাতে খেলনা পিস্তল ছিল বলে জানিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী।
পরদিন রাতে বেসামরিক বিমান কর্তৃপক্ষ (বেবিচক), চট্টগ্রাম বিমান বন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ১৩ ও ৬ (১) ধারা এবং বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনের ১১ (২) ও ১৩ (২) ধারায় মামলা করেন। মামলায় কমান্ডো অভিযানে নিহত আহমেদ পলাশের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ওই যুবকের হাতে থাকা খেলনা পিস্তলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান উপস্থিত ছিলেন।
