চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে ‘সিএফসি’ ও ‘বিজয়’ নামের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তিন শিক্ষার্থীকে আহত অবস্থায় মেডিকেল সেন্টারে আনা হয়। তাদের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাবার দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুটি গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়া পাশে আজিজ কুলিং কর্নারে কয়েকজনের মধ্যে বাদানুবাদের জেরে সিএফসি ও বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।
এক পর্যায়ে সোহরাওয়ার্দী হল মোড়ে সিএফসির এক কর্মীকে বিজয়গ্রুপের কর্মীরা তাকে ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। একটি মোটরসাইকেল এসময় পুড়িয়ে দেওয়া হয়।
সিএফসি গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “বিজয় গ্রুপের সাথে আমাদের জুনিয়রদের ঝামেলা হয়েছিল। আমরা বসে বিষয়টি মীমাংশা করলেও তারা আবার আমাদের জুনিয়রদের ওপর হামলা চালায়।’'
আর বিজয় গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনিয়রদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা হয়েছে। শিগগিরই সমাধান করে ফেলব।”
ক্যাম্পাসে 'বিজয়' গ্রুপ ও 'সিএফসি' গ্রুপ প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
