২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ২০ হাজার আইসক্রিম ধ্বংস

স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ঘনচিনি আর রঙ দিয়ে তৈরি হচ্ছে লেমন ললি, চকবার এবং কুলফি আইসক্রিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 10:12 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

বুধবার চট্টগ্রামের হাটহাজারি পৌরসভার সন্দ্বীপ পাড়ায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ক্ষতিকারক এসব উপাদান দিয়ে আইসক্রিম তৈরি হওয়ার চিত্র দেখতে পাওয়া যায় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দ্বীপ পাড়ায় আইসক্রিম ফ্যাক্টরিটিতে অভিযান চালানো হয়।

“অভিযানে দেখা যায়, কারখানাটিতে ঘনচিনি, স্যাকারিন, রঙ, অ্যারারুট, সাইট্রিক এসিড মিশিয়ে লেমন ললি, চকবার ও কুলফি আইসক্রিমগুলো তৈরি করা হচ্ছে।” 

এই ঘনচিনি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে উল্লেখ করেন রুহুল আমিন।

তিনি বলেন, “চিনির খরচ বাঁচাতে মূলত সেগুলো ব্যবহার করছে। পানির সাথে সাইট্রিক এসিড ও রঙ মিশিয়ে ললি আইসক্রিমে লেবুর টক স্বাদ আনা হয়।”

আর চিনির পরিবর্তে অতিরিক্ত ঘন চিনি ব্যবহার করা হয়ে থাকে বলে জানান তিনি।

অভিযানে কারখানার মালিক পালিয়ে গেছে।

ইউএনও বলেন, তৈরি করা অন্তত ২০ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি কাঁচা বাজার এলাকায় দুইটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও ২০ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়।