২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিভাসুর ছাত্রাবাসের নামকরণ হবে বঙ্গবন্ধুর নামে

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)  হাটহাজারী ক্যাম্পাসে ছাত্রহলের নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 09:08 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

শনিবার উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সিভাসুর ৪২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

হাটহাজারীতে সিভাসুর দ্বিতীয় ক্যাম্পাসে নির্মিত একাডেমিক ও প্রশাসনিক ভবনের নাম চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে রাখা হয়েছে।

এছাড়া ওই ক্যাম্পাসের একাডেমিক গবেষণা ভবনের নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে রাখার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়।

সিভাসুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হাটহাজারীতে ২০ একর জমির ওপর রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাস (দ্বিতীয় ক্যাম্পাস) স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এ ক্যাম্পাস স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ ক্যাম্পাসে দুইটি নতুন অনুষদ, দুইটি ইনস্টিটিউট, ফার্ম ও হ্যাচারি এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে গবেষণার সুযোগ-সুবিধা থাকবে।