চট্টগ্রামে দুটি কোচিং সেন্টার সিলগালা
সরকারি আদেশ অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে নগরীর চকবাজার এলাকায় অবস্থিত এফ এম ইন্সটিউিট ও অদম্য কোচিং সেন্টারকে সিলাগালা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তৌহিদুল ইসলাম নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোচিং কার্যক্রম পরিচালনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এফ এম ইন্সটিটিউটে এ নবম ও দশম শ্রেণির নিয়মিত কোচিং কার্যক্রম চলতে দেখা গেছে।”
সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় সেটি এক মাসের জন্য সিলগালা এবং অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে চকবাজার গুলজার টাওয়ারে অদম্য কোচিং সেন্টারে কার্যক্রম চলার সংবাদ পেয়ে অভিযানে গেলে সেটি খোলা থাকলেও সেখানকার লোকজন পালিয়ে যায়।
পরে সেটি সিলগালা করে দেওয়া হয় বলে তৌহিদুল জানান।
