ইডিইউতে ‘ইঞ্জিনিয়ারিং ডে’ পালন
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘ইঞ্জিনিয়ারিং ডে’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ইডিইউ’র স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে দিনভর নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
এরমধ্যে সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, দুপুরে গ্রোগ্রামিং কনটেস্ট এবং বিকেলে আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়।
পরে ইডিইউ’র এম্ফিথিয়েটারে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, “শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা জাগিয়ে তুলতে এধরণের প্রতিযোগিতার আয়োজন। কারণ প্রত্যেক শিক্ষার্থীর মেধার উন্মেষ জরুরি।”
বিশেষ অতিথি আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং ইডিইউ’র এডভাইজরি বোর্ডের সদস্য অধ্যাপক ড. দেবাশীষ চক্রবর্তী বলেন, একটি দেশের ভবিষ্যত নির্ভর করে প্রকৌশলীদের ওপর। ইডিইউ কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের গড়ে তুলছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউ’র ডিরেক্টর জেনারেল সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন নাজিম উদ্দিন ও সহকারী অধ্যাপক ড. কে এম মহিবুল কবির।
আইডিয়া কনটেস্টে ফাইরুজ মেহেরিন তানিশা, প্রোগ্রামিং কনটেস্টে জয়জিৎ চৌধুরী ও শাহাদাত হোসেনের দল এবং অলিম্পিয়াডে মনীষা রুদমিলা চ্যাম্পিয়ন হয়। অলিম্পিয়াডে প্রথম রানার আপ সাকিব খান ইনান এবং দ্বিতীয় রানার আপ হয় এস এম শাওয়াল চৌধুরী ও উন্মে সালমার দল।
