সিআইইউর প্রথম জার্নাল প্রকাশ
বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) প্রথম জার্নাল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর হাতে সিআইইউ জার্নাল তুলে দেন এর সম্পাদক ও বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদ।
অনুষ্ঠানে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, শিক্ষকতা পেশা আর গবেষণা- দুটোই একে অপরের সঙ্গে জড়িত। গবেষণার লক্ষ্য হওয়া উচিত নতুন কিছুর সন্ধান। আর এ কাজে সিআইইউ’র শিক্ষকরা আরও বহুদূর এগিয়ে যাবেন এমন প্রত্যাশা তার।
জার্নালের সম্পাদক অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ বলেন, “প্রথম সংখ্যাতেই আমরা ভালো সাড়া পেয়েছি। সিআইইউ’র শিক্ষকদের পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া ও কাজাখস্তানের গবেষকদের নিবন্ধ প্রকাশিত হয়েছে।”
জার্নালটিতে লিখেছেন অস্ট্রেলিয়ার অর্থনীতি বিষয়ক গবেষক খোরশেদ চৌধুরী, কাজাখস্তানের অধ্যাপক মনোয়ার মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন, সিআইইউ’র বিজনেস স্কুলের দুই তরুণ গবেষক ড. ইমন কল্যাণ চৌধুরী ও সহকারী অধ্যাপক কামরুদ্দিন পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ মোহাব্বত খান প্রমুখ।
যৌথভাবে বুক রিভিউ লিখেছেন সিআইইউ’র সহকারী অধ্যাপক রাহাত বারী তুহিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আমিনুল ইসলাম চৌধুরী। অনলাইন ও প্রিন্ট দুই সংস্করণেই জার্নালটি পড়া যাবে।
