বিএনপি নেতা শাহাদাত জামিনে মুক্ত
প্রায় তিন মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহাদাত।
শাহাদাতের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শেষ দুটি মামলায়ও উচ্চ আদালত থেকে জামিন মিলেছে।
“সেই আদেশসহ অন্যান্যা মামলার জামিনের নথিপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে।”
নগর বিএনপির উপ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাতকে গ্রেপ্তারের পর নতুন করে ১১টি মামলা দেওয়া হয়। সেগুলোসহ মোট ৪৩টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।
মুক্তি পেয়ে আমানত শাহ’র মাজার জিয়ারত করেন এই বিএনপি নেতা।
শাহাদাতকে গত বছরের ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কেরানীগঞ্জ, কাশিমপুর ও সবশেষে চট্টগ্রামের কারাগারে আনা হয়।
কারাগারে থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহাদাত।
