২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান শিক্ষা উপমন্ত্রীর 

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী দ্বিতীয় চিটাগাং আইটি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নওফেল বলেন, “চট্টগ্রামের বেশিরভাগ ব্যবসায়ী সনাতন পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেন, এতে দোষের কিছু নেই। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের ব্যবসায়ীরা অভিজ্ঞ। কিন্তু ভবিষ্যতে এই ব্যবসায়ীক ঐতিহ্য ধরে রাখা কঠিন হবে যদি তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতন না হয়।

“এজন্য আইটিভিত্তিক ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো বাড়াতে হবে। চট্টগ্রামভিত্তিক ডেটা প্রসেসিং সেন্টার, ই-কমার্সে জোর দিতে হবে। নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ঘটাতে হবে।”

শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমানে বাজারজাতকরণ, পণ্য বেচা-কেনা, গুণগত মান নিরূপণ, উৎপাদনকার্য বিশ্লেষণ- সব কিছুতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। তাই চট্টগ্রামের ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের এই খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

“তথ্যপ্রযুক্তি খাতে চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রামে আইটি পার্ক হচ্ছে, আইটি ভিলেজ হচ্ছে। আশা করি চট্টগ্রাম ভারতের হায়দ্রাবাদের মতো সাইবার সিটিতে পরিণত হবে।”

চট্টগ্রাম চেম্বার এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস’র যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত এই মেলা হচ্ছে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।

মেলায় ভারতের দুইটিসহ মোট ৩০টি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল আছে।