চট্টগ্রামে নবজাতকের চিকিৎসা নিয়ে সম্মেলন রোববার
নবজাতকের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রিজিওনাল কনফারেন্স অন নিওনেটলোজি (নবজাতক বিদ্যা) অ্যান্ড ওয়ার্কশপ’।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ এ নিয়ে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম ক্লাবে নবজাতক বিদ্যা বিষয়ক দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে রোববার সকাল থেকে।
“সম্মেলনে ভারতের দিল্লি, চন্ডিগড়, হায়দ্রাবাদ এবং বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকরা তাদের মূল্যবান নিবন্ধ উপস্থাপন করবেন ও অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে নবজাতক চিকিৎসার নতুন নতুন শাখা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সবাই জানতে পারবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং উদ্বোধনী বক্তা থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল খান।
অনুষ্ঠানে শিশুমৃত্যু হার কমাতে অনন্য ভূমিকার জন্য অধ্যাপক ডা. নাজমুন নাহারকে দেওয়া হবে আজীবন সম্মাননা।
ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, দুই দিনের সম্মেলনে মোট ২০টি নিবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. ঝুলন দাশ শর্মা বলেন, “সারা বিশ্বে শিশুদের মধ্যে নবজাতক মৃত্যুর হার তুলনামূলক বেশি। এটা কমাতে তাৎক্ষনিক রোগ নির্ণয় ও উপযুক্ত ব্যবস্থাপনা মূল বিষয়।”
সম্মেলনে এ নিয়ে বিশেষজ্ঞরা তাদের লব্ধ জ্ঞান ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এই আঞ্চলিক সম্মেলনে চট্টগ্রামের ১১টি মেডিকেল কলেজের চিকিৎসকরা অংশ নেবেন বলে সম্মেলন আয়োজক কমিটির সম্পাদক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া বলেন, “জন্ম পরবর্তীতে নবজাতকদের সমস্যা ও সংকট উত্তরণের আধুনিক উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম, ডা. সুশান্ত বড়ুয়া ও ডা. মারুফুল কাদের।
