লালদীঘিতে নিহতদের স্মরণ
চট্টগ্রামের লালদীঘিতে ৩১ বছর আগে শেখ হাসিনার সমাবেশের দিন পুলিশের গুলিতে নিহতদের স্মরণে সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ চত্বরে আলেচনা সভার আয়োজন করা হয়।
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিবেকহীন পাষণ্ডদের শাস্তি পেতেই হবে। রাজনীতিতে যেন শুভধারা চালু হয় সেজন্য এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার আজ সময়ের দাবি।”
সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ১৯৮৮ সালে ওই ঘটনার পর বেগম খালেদা জিয়া বলেছিলেন তিনি এর বিচার করবেন।
“এরপর ক্ষমতায় এসে তিনি মীর্জা রকিবুল হুদাকে (চট্টগ্রামের তৎকালীন পুলিশ প্রধান) পদোন্নতি দিয়েছিলেন। একটি বিরূপ পরিস্থিতিতে আমরা মামলা করেছিলাম। আশা করি বিচার হবে।”
নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, এত বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। দিবসটি জাতীয়ভাবে পালন করা উচিত।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদিঘি ময়দানে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দু’শতাধিক মানুষ।
গত ৩১ বছরে এই ঘটনায় হওয়া মামলার বিচার কাজ শেষ হয়নি। মামলার প্রধান আসামি মীর্জা রকিবুল হুদা মারা গেছেন বলে আদালতে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
সবশেষ মীর্জা রকিবুল হুদার মৃত্যুর বিষয়টি জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন হলেও প্রতিবেদন গত ছয় মাসেও আসেনি।
