২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসির ১৬০০০ উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2019, 01:13 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।

গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে গণিতে তিন হাজার ৬৭৪টি। এরপর ইংরেজিতে তিন হাজার ২৩টি।

এছাড়াও বাংলায় দুই হাজার ২৮০, ইসলাম ও নৈতিক শিক্ষায় এক হাজার ৮৪, বিজ্ঞানে দুই হাজার ৯৮৮, বাংলাদেশ ও বিশ্বপরিচিতিতে এক হাজার ৮৪৪ এবং আইসিটিতে ৬৫৭ টিসগ মোট ১৬ হাজার চারটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক হাজার ২৪০টি স্কুলের দুই লাখ দুই

হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্রী এক লাখ ১৪ হাজার

২৮৪ জন এবং ছাত্র ৯১ হাজার ১৩ জন।

গত ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফল অনুসারে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৫২ শতাংশ,  যা গতবার ছিল ৮১ দশমিক ১৭ শতাংশ।

তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী গতবারের চেয়ে প্রায় অর্ধেক কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৩১ জনে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫ জন।

পুরনো খবর:

জেএসসি: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ কমে অর্ধেক