চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত
চট্টগ্রামে দুইটি স্থানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
রোববার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মিরসরাইয়ের বারৈয়াহাট ও এক কিলোমিটার এলাকায় দু’টি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতদের একজন মো. রফিক (৪৫) ইটভাটার শ্রমিক। তার বাড়ি নোয়াখালীর মাইজদিতে; অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার সীতাকুণ্ড ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিক খাগড়াছড়িতে ইটভাটায় কাজ করতেন। সকালে বাড়ি যাওয়ার জন্য তিনি বারৈয়াহাটে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রফিক রেললাইনের পাশে প্রশ্রাব করার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন।
“এছাড়া মিরসরাইয়ে একজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে কিভাবে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।”
