২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ান ইপিজেডে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় বাস চাপায় তিনজন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাস পুড়িয়ে দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 11:30 AM

Updated : 19 Aug 2022, 03:06 PM

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কোরিয়ান ইপিজেডের মূল ফটকে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল জানান।

নিহতরা হলেন-  চট্টগ্রামের লোহাগাড়া থানার সাতঘর এলাকার মো. ইরফান (২৭), আনোয়ারা উপজেলার দৌলতপুরের সুলতানা রাজিয়া (৩৫) এবং বরিশালের মো. লতিফ (৫০)।

পুলিশ কর্মকর্তা আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরিয়ান ইপিজেডের মূল ফটকের বাইরে শ্রমিকদের নিয়ে আসা দুটি বাস দাঁড়িয়ে ছিল। বাস থেকে শ্রমিকরা নামছিলেন।

“এসময় পেছন থেকে আসা শ্রমিকদের বহনকারী আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দেয়। দাঁড়ানো বাস থেকে নামতে থাকা যাত্রীদেরও চাপা দেয়।”

এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায় বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার।

তিনি বলেন, ঘটনার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তিনটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরে আগুন নেভান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরিয়ান ইপিজেডের ঘটনায় আহত ৩৫ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।