কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিন, ভোটারদের প্রতি নাছির
নগরবাসীকে আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রামে সব দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারছেন। অবশ্যই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে।
“নগরবাসীকে আহ্বান- পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন। আপনারা ভোট কেন্দ্রে আসুন, সুষ্ঠু নির্বাচন করতে যত সহযোগিতা প্রয়োজন তা করব।”
সভায় নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারুক। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন আপনারা পরিবেশ শান্তিপূর্ণ রাখতে যা প্রয়োজন তা করুন।
“বিরোধী দল নির্বাচন বয়কটের উছিলা করতে চায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”
সভায় সরকারের গত দুই মেয়াদে চট্টগ্রামে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তথ্য তুলে ধরে মেয়র নাছির বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। ২০০৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি নিজ কাঁধে নেবেন। সে কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, উন্নয়ন-সমৃদ্ধি ও শান্তি রক্ষায় নৌকায় ভোট দিন।”
এক প্রশ্নে চট্টগ্রাম-৮ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ জাসদের মঈনুদ্দিন খান বাদল বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সরকারের অগ্রাধিকার প্রকল্প। কালুরঘাট রেল সেতু না হলে সেই রেললাইন কোথা দিয়ে যাবে। অবশ্যই সেতু হবে।
“প্রধানমন্ত্রী ডিটেইল প্ল্যান চেয়েছেন। কোরিয়ান প্রতিষ্ঠান ডিজাইন করছে। সরকার ক্ষমতায় গেলে অবশ্যই এক বছরের মধ্যে কাজ শুরু হবে।”
চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সবাই আমার সাথে আছেন। বিজয়ী হলে অতীতের মত তাদের সাথে নিয়েই কাজ করব।”
প্রচারে বাধা দেওয়ার বিষয়ে বিরোধীদলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আ জ ম নাছির বলেন, নির্বাচনে আসার আগে থেকেই তারা নানা অভিযোগ করছেন। নির্বাচন ঘিরে উত্তেজনা এই উপমহাদেশের নির্বাচনী সংস্কৃতির অংশ।
“তারা প্রচার চালাতে পারছেন না এমন নয়। নির্বিঘ্নে উনারা প্রচার চালাচ্ছেন। পরাজয় নিশ্চিত জেনে এখন অপপ্রচার চালাচ্ছেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, “ইউরোপিয় ইউনিয়ন, কানাডা এবং ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তারা আমার এবং উনার সাথে দেখা করেছেন। সেটাকেও তিনি রাজনীতিকরণ করছেন।
“শিষ্টাচার ভেঙে এবং বিদেশিদের অনুরোধ না রেখে এ বিষয়ে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। বিদেশিরা জানতে চেয়েছেন, বিএনপি জোটে জামায়াতে ইসলামীর ভূমিকা কী? তিনি সেটা না বলে গণমাধ্যমে বিকৃত বক্তব্য দিয়েছেন।”
অনুষ্ঠানে সীতাকুণ্ড আসনের প্রার্থী দিদারুল আলম এবং ডবলমুরিং-হালিশহর আসনের প্রার্থী আফসারুল আমীন উপস্থিত ছিলেন।
নগর কমিটির নেতাদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম সুজন, সুনীল সরকার, জহিরুল আলম দোভাষ, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
