চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানসহ ২ বিএনপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চেয়ারম্যান মান্নানকে মঙ্গলবার বিকালে তার বাড়ি থেকে এবং শওকতকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুইজনের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা আছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী উপজেলায় বিএনপি দুই ভাগে বিভক্ত। এর একাংশ সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের অনুসারী। অন্য অংশটি দক্ষিণ জেলা বিএনপি নেতা এরশাদ উল্লাহর অনুসারী।
চেয়ারম্যান মান্নান হলেন মোরশেদ খানের অনুসারী, অন্যদিকে এরশাদ উল্লাহর অনুসারী হলেন শওকত।
চট্টগ্রাম নগরীর কয়েকটি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার একটি ইউনিয়ন বাদ দিয়ে গঠিত চট্টগ্রম-৮ আসনে মোরশেদ খান এমপি ছিলেন। এরশাদ উল্লাহ ২০০৮ সালে নির্বাচন করে জাসদ নেতা মইনুদ্দীন খান বাদলের কাছে হেরে যান।
এবার দুজনকে বাদ দিয়ে আসনটিতে মনোনয়ন দেয়া হয়েছে নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানকে।
