চট্টগ্রামে ভোটের প্রচারে সংস্কৃতিকর্মীরা
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় নেমেছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার বিকেলে চেরাগী পাহাড় মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী’ ব্যানারে এই প্রচারণা শুরু হলো।
আয়োজনের বিষয়ে নাট্যজন প্রদীপ দেওয়ানজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্লোগান- আমার ভোট আমি দেব, মুক্তিযুদ্ধের পক্ষে দিব।
“একাত্তরের চেতনায় বাঙালি সংস্কৃতির লালনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে এ আহ্বান নিয়ে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা সাধারণ মানুষের কাছে যাবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম- ৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “বাঙালি সংস্কৃতিকে বারবার অপশক্তি বাধাগ্রস্ত করতে চায়। আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী। এবার স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্বাচিত হতেই হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “এবার অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেতাতে হবে। তা না হলে দেশে বাঙালি সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হয়ে যাবে। তা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সঙ্গীতশিল্পী কল্পনা লালা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, নাট্যজন শেখ শওকত ইকবাল, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, প্রমা’র সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও কঙ্কন দাশ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাজ্জাত হোসেন, আবৃত্তি শিল্পী সঞ্জয় পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রচারণার গাড়িটি নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে যাত্রা শুরু করে কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, পুরাতন রেল স্টেশন, এনায়েতবাজার মোড়, কাজীর দেউড়ি হয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ অভিযাত্রা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
