২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 04:52 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

বুধবার গভীর রাতে বন্দর থানার ৩৭ নম্বর মুনীর নগর ওয়ার্ডের এছাক ব্রাদার্স কন্টেইনার ডিপো সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শাহেদ রনি (২৮) ওই এলাকায় চায়ের দোকানে কাজ করতেন। তার বাসা নগরীর এনায়েত বাজার এলাকায় হলেও তিনি হালিশহর এলাকায় থাকতেন।

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় দুটি গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় একপক্ষ রনিকে ছুরিকাঘাত করে।”

গুরুতর আহত অবস্থায় রনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও মাথায় জখমের চিহ্ন ছিল।

স্থানীয়রা জানিয়েছে, সাবেক ছাত্রলগ নেতা মোর্শেদ ও ফটিকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে, যাতে রনি ছুরিকাহত হন।   

তবে রনি কোনো পক্ষের সঙ্গেই ছিলেন না জানিয়ে পুলিশ কর্মকর্তা আরেফিন বলেন, “সে ঘটনার শিকার হয়েছে।”

হত্যাকাণ্ডের এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা হচ্ছে।